মো: ফয়েজ উদ্দিন, ভোলা: "টিকা নাও, সুস্থ থাকো-টাইফয়েড দূরে রাখো"এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার স্বেচ্ছাসেবী সংস্থা "স্বাধীন যুব উন্নয়ন সংস্থা'র অর্থায়নে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে অংশ নেন ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা বেগম। তিনি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সুস্থ জাতি গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, আগামী দিনগুলোতে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এসময় প্রধান শিক্ষিকা ফারজানা বেগম আরো জানান স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তারা সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে টাইফয়েড টিকা কার্ড বিতরণ করেছে। তাদের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় যেমন ভূমিকা রাখবে, তেমনি একটি সুস্থ জাতি গঠনে অবদান রাখবে। আমি বিশ্বাস করি, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থী ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ মোঃহোসনাঈন বলেন “আজকের টাইফয়েড টিকা কার্ড বিতরণ কর্মসূচি আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। স্বাধীন যুব উন্নয়ন সংস্থা সবসময়ই সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুস্থ-সচেতন প্রজন্মই ভবিষ্যতে একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারবে। তাই শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে এবং তাদের রোগমুক্ত রাখতে এ ধরনের আয়োজন আমাদের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম রুবেল বলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে ২০০৯ সালে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার যাত্রা শুরু হয়। শুরু থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, সবুজ বনায়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি। বর্তমানে আমাদের কার্যক্রম ভোলায় ব্যাপক হারে বিস্তার লাভ করেছে।
তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানবতার কল্যাণে আমাদের উদ্যোগ চলমান রয়েছে। সবশেষে তিনি বলেন, আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা সমাজের উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজ বাংলা চ্যানেল