ঢাকা | বঙ্গাব্দ

পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে আইএমএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং | Photo Card
পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে আইএমএফ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
বাংলাদেশের পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছে। উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং পরিচালক নাফিস-উদ-দৌলা উপস্থিত ছিলেন।

আইএমএফ প্রতিনিধিদলে ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কিয়াও চেন ও রুইফেং ঝাং এবং অর্থনতিবিদ আয়া সাইদ। আইএমএফর দিক থেকে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো সম্পর্কে অবহিত হওয়া। বিজিএমইএ জানিয়েছে, গতকালকের বৈঠকে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও শিল্পের প্রবৃদ্ধির কৌশলগত উপায় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

আলোচনায় পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব, বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রভাব, শিল্পের টেকসই প্রবৃদ্ধি এবং মূল্য-সংযোজিত পণ্যে বৈচিত্র‍্যকরণ এর কৌশল এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব প্রভৃতি বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

বৈঠকে বিজিএমইএ নেতারা জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানসহ শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিল্পের কৌশলগত রূপকল্প তুলে ধরে জানান যে, পোশাক শিল্প বর্তমানে শ্রমনির্ভর মডেল থেকে বেরিয়ে এসে মূল্য-সংযোজিত পণ্য, উদ্ভাবন এবং প্রযুক্তিগত মানোন্নয়নের মাধ্যমে একটি উচ্চমূল্যের মডেলে স্থানান্তরিত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই রূপান্তরের অংশ হিসেবে ম্যান-মেইড ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল-ভিত্তিক পোশাক তৈরিতে সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈঠকে ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও ব্যবসা সহজীকরণের জন্য করণীয় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

খবর- দৈনিক ইত্তেফাক


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স