রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে এটি সুরাবায়া বন্দর ছাড়ে। পরে বৈরী আবহাওয়ার মধ্যে জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অপারেটর প্রতিষ্ঠানের কাছ থেকে বিপদসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েছে—এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অপারেটর কোম্পানি প্রশাসনকে বিষয়টি জানায়।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে অবস্থান করার সময় জাহাজটি থেকে সর্বশেষ অবস্থান সংকেত পাওয়া যায়।
নিখোঁজদের উদ্ধারে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে একটি উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। সুদায়ানা বলেন, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী থাকায় উদ্ধার অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
এখন পর্যন্ত নিখোঁজ জাহাজটির কোনো যাত্রীকে উদ্ধার করা হয়েছে কি না, কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ও যাত্রীবাহী জাহাজে যাতায়াত ব্যাপক জনপ্রিয়। দেশটিতে বিমানের তুলনায় নৌপথে ভ্রমণ তুলনামূলকভাবে কম খরচের এবং সহজলভ্য। তবে নৌযান চলাচলে নিরাপত্তা ও নজরদারির ঘাটতির কারণে সেখানে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
নিউজ বাংলা চ্যানেল