সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষ থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মরদেহগুলোর মধ্যে একজন পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। নিহত দম্পতির সঙ্গে থাকা নবজাতক শিশুটিও কক্ষের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দরজা খুলে স্বামী-স্ত্রী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
নিউজ বাংলা চ্যানেল