নিজস্ব প্রতিবেদন
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালের টিকিট নিশ্চিত করতে নিগার সুলতানা জ্যোতিদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে অন্য গ্রুপের রানার্সআপের সেমিফাইনাল হওয়ায় এবার মুখোমুখি হচ্ছে দুই দল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সে জন্য নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করাই ছিল জ্যোতিদের লক্ষ্য। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে সেই সমীকরণ বদলে যায়। ফলে সেমিফাইনালেই ভারতের মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হয়েছে বাংলাদেশকে।
তবে ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশের অন্যতম বড় ভরসা পেসার মারুফা আক্তার। চলতি আসরে বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন এই পেসার।
এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন মারুফা। র্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই এখন সর্বোচ্চ অবস্থান।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী মারুফাও। তাঁর বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে জায়গা করে নেওয়া সম্ভব।
ম্যাচ নিয়ে মারুফা বলেন, “ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।”
দেশবাসীর কাছে দলের জন্য দোয়া চেয়ে এই পেসার আরও বলেন, “আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। আপনারা দোয়া রাখলে কালকের ম্যাচটি আমরা ইনশাআল্লাহ জয় দিয়ে শেষ করতে পারব।”
তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ২৪ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনটিতে, বিপরীতে ভারতের জয় ২১ ম্যাচে।
তবু অতীতের একটি স্মৃতি বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতেই পারে। ২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত নারী এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র শিরোপা।
আট বছর পর এবার আবারও এশিয়া কাপের নকআউট পর্বে ভারতের সামনে বাংলাদেশ। অতীতের সেই সুখস্মৃতি সঙ্গী করে দুবাইয়ে জ্যোতিরা ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেন কি না, সেটিই এখন দেখার।
নিউজ বাংলা চ্যানেল