ঢাকা | খ্রি.

শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
শজিমেকে রোগীর মৃত্যু ঘিরে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে চার স্থানীয় ছাত্রদল নেতাসহ রোগীর ছয় স্বজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক প্রান্ত পুলিশ হেফাজতে শজিমেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অন্য চারজনকে থানা হেফাজতে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বগুড়া শহরের রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক অ্যাজমা জটিলতা নিয়ে হাসপাতালের সপ্তম তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথা-কাটাকাটির একপর্যায়ে রোগীর সঙ্গে থাকা স্বজন ও বহিরাগতরা সেখানে উপস্থিত তিন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা করেন। আদনান ইসলাম অর্ক নামে আরেক ইন্টার্ন চিকিৎসক তাদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও আক্রমণ করা হয়। পরে অন্য ইন্টার্ন চিকিৎসকরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত রোগীর ছয় স্বজনকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল স্নিগ্ধ বলেন, বহিরাগতদের হামলায় অন্তত ছয়জন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন এমনভাবে জখম হয়েছেন যে হাত ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসকরা সেবা দিতে না পারলে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়বেন বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান এই চিকিৎসক।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মোর্শেদ।

তিনি বলেন, বহিরাগতদের হামলায় ইন্টার্ন ও মিড লেভেল মিলিয়ে ছয়জন চিকিৎসক আহত হয়েছেন। পরিস্থিতি সমাধানে হাসপাতাল প্রশাসন ও জ্যেষ্ঠ চিকিৎসক নেতারা কাজ করছেন। তবে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি; জ্যেষ্ঠ ও মিড লেভেলের চিকিৎসকদের মাধ্যমে সেবা চালু রাখা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আহতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস