নিজস্ব প্রতিবেদক
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সফর শেষে আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। গত ৩০ আগস্ট তিনি ঢাকায় আসেন। সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে অবস্থানকালে আইপিইউ মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় সুসম্পর্ক বিস্তারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি সংসদ ভবনের বিভিন্ন কার্যক্রম ও স্থাপনা সম্পর্কে অবহিত হন। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন।
আজ বুধবার ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আইপিইউ মহাসচিবকে বিদায় জানান।
নিউজ বাংলা চ্যানেল