ঢাকা | খ্রি.

ইন্টারনেট স্লো করার নির্দেশ কাদেরের, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
ইন্টারনেট স্লো করার নির্দেশ কাদেরের, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জুলাই আন্দোলন দমনের সময় তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেওয়ার অভিযোগের প্রমাণ হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৬ জুলাই তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয় এবং পরে ধাপে ধাপে সংযোগ বন্ধ করা হয়।

রবিবার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে প্রমাণ হিসেবে কল রেকর্ডটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, ফরেনসিক ল্যাবে যাচাইয়ের পর রেকর্ডটির সত্যতা নিশ্চিত করে তা তথ্য-প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়েছিল। এসব কার্যক্রমের তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে উদ্দেশ্যেই ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রবিবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই যুক্তিতর্ক চলছে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন দুটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হবে বলেও জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
যুদ্ধবিরতির পরও গাজায় ১০৭ ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পরও গাজায় ১০৭ ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল