নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং রপ্তানি পর্যন্ত সমন্বিত কৃষিমূল্য শৃঙ্খল গড়ে তুলতে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় গঠিত এ তহবিল থেকে একজন গ্রাহক কৃষি উৎপাদন খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ঋণ বা বিনিয়োগ সুবিধা পাবেন। কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে এ সীমা সর্বোচ্চ ৪০ কোটি টাকা। একইভাবে কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি এবং কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ নেওয়া যাবে।
তহবিলটির মেয়াদ সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর। এর কার্যক্রম রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন উত্তরবঙ্গের ১৬ জেলায় সীমাবদ্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যাপ্ত কোল্ড স্টোরেজ, আধুনিক সংরক্ষণাগার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং কার্যকর পরিবহন ব্যবস্থার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হয়। একই সঙ্গে অনেক সময় কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন তহবিলের আওতায় আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার, বীজ সংরক্ষণাগার, গুদাম, সাইলো, কোল্ড চেইন লজিস্টিকস, কৃষিভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী বিভিন্ন কার্যক্রমে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে উত্তরবঙ্গের কৃষিপণ্যে মূল্য সংযোজন বাড়বে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, গ্রামীণ কর্মসংস্থান ও মানুষের আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের রপ্তানি সক্ষমতা বাড়বে।
এদিকে, গত ৬ জুলাই এ-সংক্রান্ত সার্কুলার জারির পর পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের জন্য আগ্রহী ৩৮টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৩১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল