নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন ধোনি। পরে তার চাওয়া অংশ কমে ২০ শতাংশে আসে। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ৫.৫ শতাংশ মালিকানার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া অবশ্য ধোনির চাওয়া অংশকে বাস্তবসম্মত মনে করছেন না। তার মতে, চেন্নাই সুপার কিংসের বর্তমান বাজারমূল্য বিবেচনায় ২৫ শতাংশ মালিকানা অত্যন্ত বড় অঙ্কের অংশীদারত্বের সমান।
ধোনির দাবির প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘কেউ কাউকে ৪০ কোটি ডলার দেয় না। ধোনির মতো ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক ও অবদান গুরুত্বপূর্ণ হলেও মালিকানার এত বড় অংশ দেওয়া সহজ সিদ্ধান্ত নয়।’
চেন্নাইয়ের হয়ে ধোনির অবদান অবশ্য দীর্ঘদিনের। তার নেতৃত্বে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই।
এশিয়া নেট নিউজের প্রতিবেদনে আবার বলা হয়েছে, ধোনি বিনা মূল্যে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পাওয়ার চেষ্টা করেননি। বরং নিজের অর্থ ব্যয় করে অংশীদারত্ব কেনার আগ্রহ দেখিয়েছিলেন তিনি।
তবে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা বিষয়টিকে ভিন্নভাবে দেখেছে বলেই ধারণা করা হচ্ছে। ফলে মালিকানার অংশ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ২০২৭ আইপিএলের আগে এই বিরোধ আরও বড় আকার নিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমঝোতা না হলে ধোনি আইপিএলে আর খেলবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে চোটের কারণে চলতি বছরের আইপিএলে খেলতে পারেননি ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।
নিউজ বাংলা চ্যানেল