নিউজ বাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনাহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগার শেখের ছেলে সজিব শেখ (২২) এবং ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। নিহত চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে ভাঙ্গা থেকে নগরকান্দায় নিজেদের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত সজিব ও নয়নকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সজিব শেখ মারা যান।
অন্যদিকে, মোটরসাইকেলচালক নয়ন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।