টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থামে তাদের ইনিংস।
জিম্বাবুয়ের শুরুটা অবশ্য ভালোই ছিল। ব্রায়ান বেনেট ও বেন কারান প্রথম উইকেটে ৪৫ রান যোগ করেন। এরপর ১২ বলে ২৪ রান করে বিদায় নেন কারান। বেনেট দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে থামেন। শেষদিকে তাদিওয়ানাশে মারুমানি ১৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলায় জিম্বাবুয়ে লড়াইয়ের মতো সংগ্রহ পায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। প্রেনেলান সুব্রায়েন পান ২ উইকেট। এথান বোশ, কুয়েনা মাফাকা ও অধিনায়ক বিয়র্ন ফোরটুইন একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ১৪৫ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৪ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
দক্ষিণ আফ্রিকার এই সহজ জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন ‘বেবি এবি’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। চার নম্বরে নেমে মাত্র ৩২ বলে ৭টি চার ও ৬টি বিশাল ছক্কায় ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। চলতি সিরিজে এটি ব্রেভিসের টানা দ্বিতীয় অর্ধশতক।
তার সঙ্গে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ২২ এবং টনি ডি জর্জি ১৫ রান করেন। রুবিন হারমান ১১ রানে অপরাজিত থাকেন।
এই জয়ের ফলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নামিবিয়াকে পেছনে ফেলে রানরেটে এগিয়ে থেকেই শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়ারা।
নিউজ বাংলা চ্যানেল