ঢাকা | খ্রি.

ডারউইন টেস্টে মিরাজ–স্টার্ক উত্তেজনা, আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং | Photo Card
ডারউইন টেস্টে মিরাজ–স্টার্ক উত্তেজনা, আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:   ডারউইন টেস্টে বাংলাদেশ যখন শক্ত অবস্থানে, তখন মাঠে উত্তেজনার জন্ম দেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। সিঙ্গেল নেওয়ার সময় পিচের মাঝ দিয়ে দৌড়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আম্পায়ার কুমার ধর্মসেনা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনাটি ঘটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা বলে পয়েন্টে ঠেলে দিয়ে দৌড় শুরু করেন মিরাজ। বলের গতিপথ অনুসরণ করতে গিয়ে তিনি সামনে থাকা স্টার্ককে খেয়াল করতে পারেননি। তাকে পাশ কাটাতে গিয়ে পিচের সুরক্ষিত অংশ দিয়েই দৌড়ে যান। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ব্যাটারদের ওই অংশ এড়িয়ে দৌড়ানোর কথা। এ কারণে আম্পায়ার ধর্মসেনা মিরাজকে সতর্ক করেন। জবাবে মিরাজ বলেন, “আমি দেখতে পারিনি।”

স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে স্টার্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তিনি মিরাজকে উদ্দেশ করে বলেন, “এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।” নিজের অবস্থানে ফেরার সময় আরও বলেন, “তুমি এখন আর বাংলাদেশে নেই।”

তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে মনে করেননি। চ্যানেল সেভেনে তিনি বলেন, “আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।” তার মতে, স্টার্ক সামনে থাকায় দ্রুত দৌড়াতে গিয়ে মিরাজ অনিচ্ছাকৃতভাবেই পিচের মাঝের অংশ ব্যবহার করেন।

ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসনও মনে করেন, স্টার্কের এই প্রতিক্রিয়া মূলত অস্ট্রেলিয়ান দলের হতাশার বহিঃপ্রকাশ। কারণ দিনের খেলায় স্বাগতিকরা বেশ চাপে ছিল।

দিন শেষে বাংলাদেশ ছিল সুবিধাজনক অবস্থানে। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ১০১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসের পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৫৩ রান। মিরাজ ৩২ ও হাসান ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ডায়াবেটিসে নারী-পুরুষের ঝুঁকি কি এক? যেসব বিষয়ে নজর জরুরি

ডায়াবেটিসে নারী-পুরুষের ঝুঁকি কি এক? যেসব বিষয়ে নজর জরুরি