ঢাকা | খ্রি.

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি শাওন ডিবির হাতে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি শাওন ডিবির হাতে গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর দক্ষিণের বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাওন সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।

ডিবি ওসি জানান, সাংবাদিকদের ওপর হামলার পর শাওনসহ মামলার অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে বিজয়পুর এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।

ঘটনার বর্ণনায় তানভীর দীপু বলেন, বুধবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য তারা লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি গাড়ি আটকে যায় এবং সড়কে যানজট আরও তীব্র হয়।

যানজটের কারণ জানতে তারা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যান। পরে ব্যারিকেডটি ওপরে তুলে আটকে থাকা গাড়িগুলো পার করে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় শাওনসহ কয়েকজন যুবক এসে তাদের গালিগালাজ শুরু করে বলে জানান তানভীর।

একপর্যায়ে ওই যুবকেরা দুই সাংবাদিককে কিল-ঘুষি মারতে শুরু করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলা থামেনি। তানভীরের ভাষ্য অনুযায়ী, পরে রড ও লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। এ সময় সহকর্মী আবদুল্লাহ আল মারুফের ঘাড়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান।

পরে আহত মারুফকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হলে অপরাধ দ্রুত কমে আসবে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা ঘটানোর সাহসও ভবিষ্যতে কেউ পাবে না।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, বাংলাদেশকে অভিনন্দন বিভিন্ন দেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, বাংলাদেশকে অভিনন্দন বিভিন্ন দেশের