ঢাকা | খ্রি.

রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা উপজেলা বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং | Photo Card
রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা উপজেলা বিএনপির ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজেস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা আবার দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে গ্যাস, বিদ্যুৎ, সার, দুর্নীতি ও ঋণখেলাপি নিয়ে বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্য দলীয় নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন। এ বক্তব্যের প্রতিবাদে রুমিন ফারহানাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এ সময় তিনি রুমিন ফারহানা ও তার পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন অভিযোগও করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হবে।

রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল আয়োজন করা হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স