নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের কর বৃদ্ধি না করে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। বাজেট ঘোষণা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) খাতে ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌরসভার স্থাবর সম্পত্তি থেকে ৬ কোটি ৫০ লাখ টাকা, পৌর সম্পত্তি থেকে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজস্ব খাতে ব্যয়ের মধ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে বাস টার্মিনাল, রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন, নবনির্মিত সুপার মার্কেটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বহুমুখী মার্কেট ও কিচেন মার্কেট নির্মাণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সোলার লাইট ও ডাস্টবিন স্থাপন করা হবে। এ ছাড়া স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নেও অর্থ ব্যয় করা হবে।
বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। ঘোষিত বাজেটে আয়-ব্যয়ের পাশাপাশি পৌর এলাকার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।
পৌর কর্মকর্তা আকমল সরকার রাজুর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সাবেক সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন।
এ ছাড়া সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক ও মাসুম সাজ্জাদ, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের, সাধারণ সম্পাদক সুজন শাহ, মোকছেদ আলীসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল