রিয়েল এস্টেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কুইন্সের টিউডর-শৈলীর এই বাড়িটি ১৯৪০ সালে নির্মাণ করেন ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প। পাঁচ শোবার ঘরের বাড়িটিতে জীবনের প্রথম চার বছর কাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বহু বছর ধরে সম্পত্তিটি ট্রাম্প পরিবারের মালিকানায় ছিল না।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় খালি পড়ে থাকায় বাড়িটির পাইপ ফেটে ক্ষতি হয় এবং একপর্যায়ে সেটি বিড়ালের দখলে চলে যায়। গত বছর ডেভেলপার টমি লিন ৮ লাখ ডলারে সম্পত্তিটি কিনে নেন। পরে আরও ৫ লাখ ডলার ব্যয়ে বাড়িটিতে আধুনিক শেফস কিচেন, কাঠের মেঝে ও স্পা-স্টাইলের বাথরুম যুক্ত করে ব্যাপক সংস্কার করা হয়।
২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িটি ২.১৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। পরে কিছু সময়ের জন্য পর্যটনভিত্তিক প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে ট্রাম্পের বিভিন্ন স্মারকসহ বাড়িটির তালিকা দেওয়া হয়।
২০১৯ সালে বাড়িটি বেশি দামে বিক্রির চেষ্টা ব্যর্থ হলে সেটি আবারও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে। সাম্প্রতিক সংস্কারের পর শেষ পর্যন্ত ১.৯৩ মিলিয়ন ডলারে সম্পত্তিটি বিক্রি হলো।
নিউজ বাংলা চ্যানেল