ঢাকা | খ্রি.

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৭ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে বেসামরিক একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিসইয়াফ সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। বাসটিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও শ্রমিকেরা ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামলার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার না করা পর্যন্ত নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। হোমসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা হিসেবে ঘটনাটিকে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে দেশজুড়ে নির্ধারিত বিদ্যুৎ বিভ্রাটের সময় আরও বাড়তে পারে।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার জ্বালানি অবকাঠামোতে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর মাত্র দুই দিন আগে পূর্ব সিরিয়ার একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করেছিল দেশটির রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি। তবে পূর্ব ঘৌতায় সর্বশেষ পাইপলাইন বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই দিনে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাসে হামলা ও পাইপলাইন বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বাসে হামলার দায়ও কোনো ব্যক্তি বা সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স