ঢাকা | খ্রি.

কুরআনের জ্ঞান অর্জন ও আমলের ওপর গুরুত্বারোপ শফিকুর রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
কুরআনের জ্ঞান অর্জন ও আমলের ওপর গুরুত্বারোপ শফিকুর রহমানের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিউজ বাংলা ডেস্ক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা এবং অন্যদের আল্লাহর পথে আহ্বান করা সম্ভব নয়। মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের বিধান মেনে চলার মাধ্যমে তার বাস্তব উদাহরণ সৃষ্টি করতে হবে। শুধু মৌখিক দাওয়াতের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদের নবী-রাসুল হিসেবে নির্বাচিত করেছেন এবং তাঁদের ওপর কিতাব নাজিল করেছেন। নবী-রাসুলরা আল্লাহর দেওয়া কিতাবের নির্দেশনা অনুযায়ী মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন।

তিনি বলেন, মানুষ যখন আল্লাহর কিতাবের নির্দেশনা মেনে চলেছে, তখন তারা দুনিয়ায় সম্মান ও শান্তির সঙ্গে বসবাস করেছে। আর যখন তারা আল্লাহর কিতাব থেকে দূরে সরে গেছে, তখনই তাদের ওপর বিভিন্ন ধরনের বালা-মুসিবত নেমে এসেছে। পথভ্রষ্টতার কারণে মানুষ দুনিয়ায় লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে।

জামায়াত আমির বলেন, প্রত্যেকের উচিত পবিত্র কুরআন সহিহভাবে অর্থসহ পড়তে শেখা। কুরআন শুধু তিলাওয়াত করলেই হবে না; তা সঠিকভাবে পড়তে, বুঝতে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। অর্থসহ সহিহভাবে কুরআন শেখা ও তা অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

তিনি আরও বলেন, কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা গেলে মানুষের জীবন সার্থক হবে এবং দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ সুগম হবে। কুরআনের বিধান অনুসরণের মাধ্যমেই প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাদ মাওলানা আবদুর রহিম।

কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, তা’লীমুল কুরআন বিভাগীয় কমিটির সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আবদুল মান্নান, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ড. মাওলানা মোজাম্মেল হক, সাবেক কেন্দ্রীয় প্রধান উস্তাদ মাওলানা একেএম শাহজাহান, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা খায়রুল বাসার।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার