ঢাকা | খ্রি.

ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ফয়সল আমীন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং | Photo Card
ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ফয়সল আমীন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তবে নির্বাচনে জনগণ যে রায় দেবেন, সেটিই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (সকাল) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির এই প্রার্থী।

ভোট প্রদান শেষে মির্জা ফয়সল আমীন বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। তিনি বড় ব্যবধানে জয়ী হওয়ার প্রত্যাশা করছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে ফয়সল আমীন বলেন, আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদী। কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার রুশ দূতাবাসে স্টেট ডুমা নির্বাচনে ভোট দিচ্ছেন রুশ নাগর

ঢাকার রুশ দূতাবাসে স্টেট ডুমা নির্বাচনে ভোট দিচ্ছেন রুশ নাগর