নিজস্ব প্রতিবেদক
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির পরিধি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এ সাফল্যের ধারাবাহিকতায় এবার দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় কর্মসূচিটির কার্যক্রম শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন আগ্রহী তরুণ উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়। এ জেলা থেকে ৫ হাজার ৩৫১টি আবেদন এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে আবেদন জমা পড়েছে ২ হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
সব মিলিয়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ে আবেদনকারীদের এ সাড়া পাওয়ার পর কর্মসূচিটি দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নভেম্বরজুড়ে আবেদন গ্রহণ
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে।
প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করে অর্থায়ন
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান করা, তাঁদের উদ্যোগের সম্ভাবনা যাচাই এবং প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনা। এর মাধ্যমে নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।
কর্মসূচিটির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) নীতিমালা ও সংশ্লিষ্ট নির্দেশনা দেখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচিটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতাও কামনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নিউজ বাংলা চ্যানেল