মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশ কিছুটা লড়াইয়ের প্রতিরোধ গড়ে তুললেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই ছিল ভিন্ন চিত্র। ম্যাচের প্রথম মিনিটগুলো থেকেই কোরিয়ার আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে।
প্রথম কোয়ার্টারেই তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৫ মিনিটে গোল করেন ছোই জিউন। এরপর ১২ ও ১৫ মিনিটে পরপর দুটি গোল করে ব্যবধান বাড়ান পার্ক সুংয়ে।
দ্বিতীয় কোয়ার্টারেও বাংলাদেশের ওপর আক্রমণের চাপ ধরে রাখে কোরিয়া। এই পর্বে আরও তিনটি গোল হজম করে বাংলাদেশ। পার্ক সুংয়ে ২৩ মিনিটে গোল করেন। তাঁর পর ছোই জিউন আরও একটি গোল করেন। অন্য গোলটি করেন পার্ক মিহিয়াং।
তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও একবার বাংলাদেশের জালে বল পাঠায়। গোলটি করেন কিম সনআ। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারেও একটি গোল পায় কোরিয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পার্ক সুংয়ে নিজের আরও একটি গোল করে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ৮-০ করেন।
এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে ১৩-০ গোলের পরাজয় দিয়ে। এরপর দক্ষিণ কোরিয়ার কাছেও বড় ব্যবধানে হারল দলটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে খেলার পর ২৭ সেপ্টেম্বর শেষ ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
নিউজ বাংলা চ্যানেল