নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বাবুর্চি গ্রামের মীর হোসেনের ছেলে অনি, মরহুম সিদ্দিক মিস্ত্রীর ছেলে নাসির এবং খোরশেদ মিয়ার ছেলে মোর্শেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ও জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাতে বাবুর্চি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, আটক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, তারা স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে মাদক উদ্ধারের ঘটনায় তাদের রাজনৈতিক পরিচয়ের কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নিউজ বাংলা চ্যানেল