শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকার ৩৭৩ নম্বর বাসায় ঘটনাটি ঘটে বলে জানান আহত রানা ও তাঁর স্বজনরা।
রানা পেশায় গাড়িচালক। তাঁর বাবার নাম মৃত আব্দুর রব। তিনি রাজধানীর ভাটারার নতুন বাজারের কাজীবাড়ী এলাকায় বসবাস করেন। তাঁর স্থায়ী ঠিকানা নোয়াখালীর মাইজদী।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার দুপুরে তিনি উত্তর বাড্ডায় তাঁর ভাই জয়ের বাসায় যান। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ওই সময় তাঁর সঙ্গে ছোট আরেক ভাই এবং জয়ও ছিলেন।
রানার ভাষ্য, রাত ১০টার দিকে বাসার দরজায় নক করার শব্দ শোনা যায়। ভেতর থেকে ‘কে’ জানতে চাওয়া হলেও বাইরে থাকা ব্যক্তিরা কোনো জবাব দেননি। পরে তাঁর ভাই জয় দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে মেইন দরজার দিকে এগিয়ে যান। তখন তামিমসহ আরও দুজন হঠাৎ বাসার ভেতরে প্রবেশ করেন।
রানা অভিযোগ করেন, ওই ব্যক্তিরা গালাগাল করতে করতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
আহত রানা দাবি করেন, একই এলাকার বাসিন্দা তামিম তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তিনি জানান, তামিমের বাবার নাম সিরাজুল ইসলাম। রানার অভিযোগ, তামিম সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত গাড়িচালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজ বাংলা চ্যানেল