ঢাকা | খ্রি.

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং | Photo Card
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌদ্দরশি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এর আগে রাত ১১টার দিকে কয়রা দিয়ে নদী পেরিয়ে মরিয়মের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার আবহ তৈরি হয়। পারিবারিক সূত্র জানায়, কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে মরদেহটি গাবুরার সরদার পাড়ায় নেওয়া হয়। ঢাকায় ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর অ্যাম্বুলেন্সে মরদেহ সাতক্ষীরায় আনা হয়েছিল। পরে সড়ক ও নদীপথ পেরিয়ে সেটি পৌঁছে মরিয়মের জন্মভূমিতে।

মরিয়মের বাবা মাসুম বিল্লাহ, মা, দাদি, নানি, ফুফা, ফুপি, ছোট চাচা মোতাসিম বিল্লাহসহ পরিবারের সদস্যরা মরদেহের সঙ্গে ছিলেন।

মরদেহ পৌঁছানোর পর গাবুরা পশ্চিমপাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে জানাজার আয়োজন করা হয়। স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা জানাজায় ইমামতি করেন। এতে মরিয়মের স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ইউপি সদস্য গোলাম মোস্তফা এবং শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ রায় ও বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

জানাজার সময় ইউপি সদস্য গোলাম মোস্তফা মরিয়মের মৃত্যুতে শোক জানান এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

দাফনের আগে মরিয়মের স্বজনেরা তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি তোলেন। তাদের বক্তব্য, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মরিয়মের বড় চাচি মুন্নী আক্তার বলেন, মেয়েটি অনেক মেধাবী ছিল। তিনি বলেন, কেন এমন ঘটনা ঘটেছে তা তারা জানেন না এবং মৃত্যুর রহস্যও এখনো পরিষ্কার হয়নি। মরিয়মের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। তার ভাষ্য, মরিয়ম খুবই নরম ও ভদ্র স্বভাবের ছিল।

মরিয়মের স্বজন ইয়াহিয়া বলেন, আগের দিন রাত ৭টার দিকে তারা মরিয়ম আত্মহত্যা করেছে বলে জানতে পারেন। তবে প্রকৃত ঘটনা তাদের জানা নেই বলে উল্লেখ করে তিনিও সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

মরিয়মের জন্মভূমি চৌদ্দরশি গ্রামে বর্তমানে তার পরিবারের কেউ স্থায়ীভাবে বসবাস করেন না। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় এমপি গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলানগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ সেপ্টেম্বর ঘিরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষা

১০ সেপ্টেম্বর ঘিরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষা