ঢাকা | খ্রি.

মাছরাঙার দুঃখ প্রকাশে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরীমণি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং | Photo Card
মাছরাঙার দুঃখ প্রকাশে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরীমণি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও প্রকাশের ঘটনায় মাছরাঙা টেলিভিশনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটির দুঃখ প্রকাশে তাঁর ব্যক্তিগত, মানসিক ও পেশাগত ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে তাঁর স্বাভাবিক জীবনযাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা এবং পেশাগত কাজেও।

গত ১৩ অক্টোবর মাছরাঙা টেলিভিশনের যাচাইকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরীমণি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে এআই দিয়ে তৈরি বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাসও দেয় কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানের এ বক্তব্যে সন্তুষ্ট নন পরীমণি।

গত ১৬ অক্টোবর রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনারও জবাব দেন তিনি। পরদিন সকালে লাইভটি নিজের ফেসবুক পেজ থেকে সরিয়ে ‘উপস সরি’ লিখে পোস্ট করেন পরীমণি।

এরপর ১৭ অক্টোবর দেওয়া নতুন এক ফেসবুক পোস্টে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশ নিয়ে অসন্তোষ জানান তিনি। পরীমণির ভাষ্য, প্রতিষ্ঠানটির প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ড তাঁর কোনো কাজে আসছে না। বরং এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে পোস্ট করতেও সমস্যায় পড়ছেন তিনি।

পরীমণির অভিযোগ, তাঁর সন্তানদের ছবি প্রকাশ করলেও সেখানে হাজারো নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে পরীমণি লেখেন, ‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কবে আইনের আওতায় আনা হবে, সে প্রশ্নও তুলেছেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারাই।’

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত ভিডিও প্রকাশের ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভিডিও তৈরির নেপথ্যে কারা রয়েছেন এবং তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে কী অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা