ঢাকা | খ্রি.

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল আসছে, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন হিরানি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং | Photo Card
‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল আসছে, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন হিরানি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক :  বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি তৈরির কাজ এগোচ্ছে। ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ অভিনেতা আমির খানকে শোনাতে পারেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ তথ্য জানিয়েছেন আমির।

সিক্যুয়েল প্রসঙ্গে আমির বলেন, ‘আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, রাজু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি ফিরে এলে তিনি আমাকে চূড়ান্ত সংস্করণটি শোনাবেন। দেখা যাক কী হয়।’

আমিরের এই বক্তব্যের পর সিনেমাটির নতুন কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে কবে ছবিটির শুটিং শুরু হবে কিংবা মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। আপাতত চিত্রনাট্য তৈরির কাজেই সীমাবদ্ধ রয়েছে প্রকল্পটি।

গল্পে দেখা যেতে পারে ১৫-২০ বছর পরের জীবন

এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছিলেন, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আগের চরিত্রগুলোর জীবনের পরবর্তী সময়ের গল্প তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রথম সিনেমায় কলেজজীবনের যে চিত্র দেখা গিয়েছিল, নতুন কিস্তিতে তার বদলে ১৫ থেকে ২০ বছর পর চরিত্রগুলোর জীবন কেমন হয়েছে, তা গুরুত্ব পেতে পারে।

হিরানির বক্তব্য অনুযায়ী, তত দিনে চরিত্রগুলো বিবাহিত হবে এবং তাদের সন্তানও থাকবে। জীবনের মধ্যবয়সে পৌঁছে তারা যেসব সংকটের মুখোমুখি হবে, সেগুলোও গল্পের অংশ হতে পারে। তবে সিক্যুয়েলের পূর্ণাঙ্গ কাহিনি এখনো প্রকাশ করা হয়নি।

রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘থ্রি ইডিয়টস’। এতে অভিনয় করেন আমির খান, আর মাধবান, শারমান জোশি, কারিনা কাপুর খান ও বোমান ইরানি। বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা, পরিবারের প্রত্যাশা এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার বিষয়গুলো সিনেমাটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। ছবিটির সংলাপ ও চরিত্রগুলোও দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে পরিচিতি ধরে রেখেছে।

‘আন্দাজ আপনা আপনা’ নিয়েও নতুন উদ্যোগ

সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একই অনুষ্ঠানে আমির খান ‘আন্দাজ আপনা আপনা’ নিয়েও নতুন তথ্য দিয়েছেন। তিনি জানান, পরিচালক রাজকুমার সন্তোষী সিনেমাটি নিয়ে নতুন একটি কাজ করছেন। তবে এটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় কমেডি ছবিটির সিক্যুয়েল কি না, তা স্পষ্ট করেননি আমির। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উৎসবে আমিরের জন্য বিশেষ স্বীকৃতির মুহূর্তও ছিল। হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা পিটার চ্যান হো-সান তাঁকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করেন। এ সম্মান অর্জনকারী প্রথম ভারতীয় অভিনেতা আমির খান।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নিউক্যাসলে ভিড়ের মধ্যে গাড়ি উঠে আহত ১০, শিশুসহ দুজনের অবস্থা

নিউক্যাসলে ভিড়ের মধ্যে গাড়ি উঠে আহত ১০, শিশুসহ দুজনের অবস্থা