ঢাকা | খ্রি.

বেড়ায় ফুটবল ম্যাচ নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং | Photo Card
বেড়ায় ফুটবল ম্যাচ নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : পাবনার বেড়ায় ফুটবল প্রতিযোগিতার ম্যাচের ফল নির্ধারণ নিয়ে বিরোধের জেরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান এবং অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেড়া পৌরসভার নাজিম বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্র জানায়, বেড়া বিবি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে কয়েক দিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। রোববারের খেলায় মুখোমুখি হয় পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় কয়েকটি দোকানে আগুন দেওয়ার পাশাপাশি অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের অনেকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ

বিদ্যুতের দাম বাড়বে কিনা, জানা যাবে আজ