প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে ইহতিশামুল হক পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।
গত ৬ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাও ইহতিশামুল হীরার শীর্ষস্থান অর্জনের খবর প্রকাশ করেছে।
পুরুষদের হিফজ বিভাগে বাংলাদেশের ইহতিশামুলের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। দুজনই পেয়েছেন ৯৭ নম্বর। ৯৬ দশমিক ৩৩ নম্বর নিয়ে এ বিভাগে তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি।
প্রতিযোগিতার নারীদের তিলাওয়াত বিভাগে ৯১ দশমিক ৮৩ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা। সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি ৯১ নম্বর নিয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০ দশমিক ৮৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
পুরুষদের তিলাওয়াত বিভাগে ৯৪ দশমিক ৬৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান। দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি পেয়েছেন ৯২ দশমিক ৯৯ নম্বর। বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২ দশমিক ১৭ নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন।
নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু ৯৬ দশমিক ১৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এ বিভাগে লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ ৯৫ দশমিক ৫০ নম্বর নিয়ে দ্বিতীয় এবং মিয়ানমারের থেইন গি মোন ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
ইহতিশামুল হক হীরার এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে কোরআন শিক্ষায় বাংলাদেশের সাফল্যের তালিকায় নতুন সংযোজন। এর আগে ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ বাংলাদেশের একাধিক প্রতিযোগী বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
তথ্যসূত্র: বারনামা
নিউজ বাংলা চ্যানেল