ঢাকা | খ্রি.

মেসিকে আটকানোর পরিকল্পনা নেই, বিদায়ী ম্যাচ উপভোগ করতে চায় বেনিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং | Photo Card
মেসিকে আটকানোর পরিকল্পনা নেই, বিদায়ী ম্যাচ উপভোগ করতে চায় বেনিন ছবির ক্যাপশন: 261066
ad728

নিজস্ব প্রতিবেদন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে ফুটবলবিশ্বে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। এমন ঐতিহাসিক ম্যাচে মেসিকে কীভাবে আটকানো হবে—এমন প্রশ্নের জবাবে বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানির উত্তর বরং চমকে দেওয়ার মতো। মেসিকে থামানোর কোনো বিশেষ পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন তিনি। বরং বিশ্বসেরা ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি উপভোগ করতে চান বেনিনের খেলোয়াড়েরা।

বুয়েনস এইরেসের রাস্তায় কেনাকাটার সময় আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিজানি মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানান। মেসিকে কীভাবে মার্ক করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মেসিকে মার্ক করা উচিত নয়। আমরা এই ম্যাচ উপভোগ করতে যাচ্ছি। মেসিকে আটকানোর বিশেষ কোনো পরিকল্পনা নেই, শুধু ম্যাচটি উপভোগ করতে হবে।’

হাসতে হাসতে তিজানি আরও বলেন, ‘আমি এভাবে তার দিকে তাকিয়ে থাকব—মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে সে বিশ্বের সেরা।’

তিজানির কথার সঙ্গে সুর মিলিয়ে বেনিন দলের চিকিৎসকও মেসির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সে বিশ্বের সেরা! সে ফুটবলের ঈশ্বর!’

বেনিনের খেলোয়াড়দের এমন উচ্ছ্বাসের মধ্যেই মেসিকে বর্ণাঢ্য বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। মেসির জন্মশহর রোসারিওতেও চলছে বিশেষ আয়োজন। শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় টাঙানো হয়েছে বিশাল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। তবে সেখানে মেসির নামের পরিবর্তে লেখা হয়েছে—‘ধন্যবাদ’।

স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টায়। বুয়েনস এইরেসের রিভার প্লেটের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। টিকিট বিক্রি শুরুর পরই প্রায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সব টিকিট। ফলে টিকিট না পাওয়া সমর্থকদের জন্য বুয়েনস এইরেসের বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজন করা হয়েছে বিশেষ ফ্যান ফেস্ট।

ম্যাচকে ঘিরে থাকছে নানা আনুষ্ঠানিকতা। ম্যাচের আগে, বিরতিতে ও পরে থাকবে সংগীত পরিবেশনা। মেসির পরিবারের সদস্য, বর্তমান সতীর্থ এবং ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের খেলোয়াড়দের উপস্থিতিতে হবে বিশেষ আয়োজন। মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা পরবে বিশেষ একটি জার্সি, যা শুধু এই ম্যাচেই ব্যবহার করা হবে।

ম্যাচ শেষে স্টেডিয়ামের বিশাল পর্দায় প্রদর্শিত হবে মেসিকে নিয়ে বিশেষ ভিডিও ট্রিবিউট। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে প্রস্তুত পুরো দেশ।

ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়; বরং আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দৃশ্য। আর প্রতিপক্ষ বেনিনও যেন প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
খোকসায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গুলি-ককটেল বিস্ফোর

খোকসায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গুলি-ককটেল বিস্ফোর