ভারতের সর্বশেষ ম্যাচের ফলই ব্রাজিলের সতর্ক থাকার অন্যতম কারণ। ফিফা র্যাংকিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ১৩৮ নম্বরে থাকা ভারত। তাই র্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষেও সতর্ক অবস্থান নিয়েছে পাঁচ নম্বরে থাকা ব্রাজিল।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দলটির প্রতি সম্মানের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’
ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার বিষয়টিও জানেন আনচেলত্তি। দেশটির সংস্কৃতিতে ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে ব্রাজিল কোচ বলেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়।’
ভারতে এসে খুশি বলেও জানান আনচেলত্তি। তার ভাষায়, ‘আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’
এদিকে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা করছে ভারতও। ম্যাচের আগে ভারতের কোচ খালিদ জামিল বলেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’
নিউজ বাংলা চ্যানেল