ঢাকা | খ্রি.

চবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং | Photo Card
চবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তিনটি উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়া হবে।

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ১০ ডিসেম্বর। একই সঙ্গে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটের পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগীয় শহর হিসেবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এসব কেন্দ্রে পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ এবং ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইউনিটভিত্তিক সম্ভাব্য সূচি

বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২০২৭ সালের ৩০ জানুয়ারি (শনিবার)। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি (শুক্রবার), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি (শুক্রবার) এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

উপ-ইউনিটগুলোর মধ্যে বি-১-এর পরীক্ষা ৩ ফেব্রুয়ারি (বুধবার), বি-২-এর পরীক্ষা ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ডি-১-এর পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, অন্যান্যবারের ধারাবাহিকতায় এবারও তিনটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহে সৌদি আরব-কাতারের সহায়তা

জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহে সৌদি আরব-কাতারের সহায়তা