জয় কুড়িগ্রামের মৃত ওহেদুন্নী ওরফে মাখন মিয়া ও শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের ছেলে। তিনি ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। পরিবারের সঙ্গে শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, শনিবার (৩ অক্টোবর) বিকেলে জয় এক বন্ধুর সঙ্গে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে ছিলেন। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে তার বন্ধুকে মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বন্ধুকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
পরিবারের দাবি, অভিযান দেখে ভয় পেয়ে জয় দৌড়ে মৃগী নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজন ও স্থানীয়রা নদী এবং আশপাশের এলাকায় খোঁজ চালিয়েও তার সন্ধান না পেয়ে পুলিশের সহায়তা নেন। পরে পুলিশ বিষয়টি জামালপুর ফায়ার সার্ভিসকে জানায়।
রবিবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃগী নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে ৬টার দিকে নদী থেকে জয়ের মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, শনিবার ওই এলাকায় পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় জয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন জানান, শনিবার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে একজনকে মাদকসহ আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
তবে অভিযানের ভয়ে কেউ নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
নিউজ বাংলা চ্যানেল