নিজস্ব প্রতিবেদক
উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির আওতায় দেশের তফশিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক কাজে লাগিয়ে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। পরে আবেদনকারীর ব্যবসায়িক ধারণা, উদ্যোগের সম্ভাব্যতা এবং প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
নির্বাচিত উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তর করা হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হয়ে খেলাপি হিসেবে বিবেচিত হবে। এর ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর বয়সীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীর একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকতে হবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসা এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন করতে কোনো ধরনের ফি দিতে হবে না। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পর এক মাস আবেদন গ্রহণ করা হবে।
শুরু হচ্ছে ৬৪ উপজেলায়
প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম ধাপে নির্বাচিত করা হবে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তখন প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
শুধু অর্থায়নের মধ্যেই কর্মসূচিটি সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে উপজেলা পর্যায়ে সফল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয়
নিউজ বাংলা চ্যানেল