ঢাকা | খ্রি.

লালপোলে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, সোমবার পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং | Photo Card
লালপোলে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, সোমবার পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল আলিম (৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহত আবদুল আলিম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে লালপুল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস লালপুল এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের ডিভাইডারের ওপর উল্টে যায়। এ সময় বাসটির বনেটের ওপর বসে থাকা আবদুল আলিম দরজা দিয়ে ছিটকে সড়কে পড়ে যান। পরে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়েন তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল আলিম বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের একমাত্র ছেলে। তিনি সিলেট থেকে ট্রেনে ফেনী রেলস্টেশনে এসে মহিপাল থেকে বাসে করে নিজ বাড়ি বারইয়ারহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নিহতের নানা এ কে এম সামছুউদ্দিন বলেন, “আলিম সিলেট থেকে এসে ফেনী স্টেশনে নামে। সেখান থেকে বাসে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাকে হারাতে হলো।”

পরিবারের স্বজনরা জানান, আবদুল আলিমের বিয়ের জন্য পাত্রী দেখার কথা ছিল সোমবার। জীবনের নতুন অধ্যায় শুরুর প্রস্তুতির আগের রাতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম লালপোলে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ