শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর মিলগেট ও আউচপাড়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে মিলগেট এলাকার কাদেরিয়া গেটের একটি দোকানে প্রথম আগুন লাগে। পরে তা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় খাবারের হোটেল, মুদি ও মনোহারি দোকানসহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের মধ্যেও প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
একই রাতে আউচপাড়ার খাঁপাড়া রোডে আরও দুটি সেমিপাকা দোকানে আগুন লাগে। রাত ১টা ৩৯ মিনিটে এ বিষয়ে খবর পায় ফায়ার সার্ভিস। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।
দ্বিতীয় ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ সময় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
নিউজ বাংলা চ্যানেল