ঢাকা | খ্রি.

এশিয়া কাপ জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় নারী দল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং | Photo Card
এশিয়া কাপ জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় নারী দল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ চলার সময় ভিআইপি গ্যালারির একটি দৃশ্য নজর কাড়ে। সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশে বসে খেলা দেখছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা ও সচিব দেবজিৎ সাইকিয়া। সাইকিয়াকে নাকভির সঙ্গে কথোপকথনের পাশাপাশি হাসতেও দেখা যায়।

তাদের এমন স্বাভাবিক উপস্থিতি দেখে অনেকের মনে হয়েছিল, ভারত-পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা হয়তো কিছুটা কমেছে। গত বছর ছেলেদের এশিয়া কাপে ভারত নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নের ট্রফি নেয়নি। তাই এবার ভারতীয় নারী দল শিরোপা জিতলে পরিস্থিতি ভিন্ন হতে পারে—এমন ধারণাও তৈরি হয়েছিল।

তবে বাস্তবে ঘটল ভিন্ন কিছু। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ভারত নারী দল চ্যাম্পিয়ন হলেও নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। রানার্সআপ শ্রীলঙ্কার খেলোয়াড়েরা অবশ্য চামারি আতাপাত্তুর নেতৃত্বে পুরস্কার নিতে পোডিয়ামে নাকভির কাছে যান।

ভারতের হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিবর্তে ওপেনার স্মৃতি মান্ধানা নাকভিকে দেখেই সরে যেতে চান। পরে তার সতীর্থরাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। ফলে গত বছরের পুরুষ দলের মতো এবার নারী দলও ট্রফি ছাড়াই এশিয়া কাপ জয়ের উদযাপন করে।

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ কিছুক্ষণ আগেই বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা নাকভির পাশেই বসে ম্যাচ দেখেছেন এবং তার সঙ্গে হাসি-আলাপ করেছেন। কিন্তু পুরস্কার বিতরণীর সময় ভারতীয় দলকে নাকভির কাছ থেকে ট্রফি নিতে দেখা যায়নি।

এর পেছনে রয়েছে ভারত ও পাকিস্তানের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতা। গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের সম্পর্কের শীতলতা কাটেনি।

মহসিন নাকভি একই সঙ্গে এসিসির সভাপতি, পিসিবির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণেই নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও শেফালিরা সেই নির্দেশই অনুসরণ করেছেন।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে ভারতের নারী দলের প্রধান কোচ অমল মজুমদার এ বিষয়ে বলেন, ‘ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমরা ট্রফি পেলাম কি পেলাম না, সেটা গুরুত্বপূর্ণ নয়। নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়া—এটা বিসিসিআইয়ের অবস্থান। এ বিষয়ে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারি না।’

গত বছরের ঘটনার পর ছেলেদের এশিয়া কাপের ট্রফিও এখনো ভারতের হাতে পৌঁছায়নি। সেটি বর্তমানে দুবাইয়ে এসিসির কার্যালয়ে রাখা রয়েছে। এবার নারী দলের এশিয়া কাপের ট্রফিও সেখানে ফিরিয়ে নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত আদালতের, জানাল ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত আদালতের, জানাল ভারত