নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) ফ্ল্যাগশিপ আয়োজন ‘ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি ২০২৬’ (এনজিএ-২৬) অনুষ্ঠিত হয়েছে। ‘এক অঙ্গীকার, এক বন্ধন: চিকিৎসকের অধিকার সবার উপরে’ প্রতিপাদ্যে শুক্রবার (২৮ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮০০-র বেশি মেডিকেল শিক্ষার্থী ও তরুণ স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক যুগান্তর।
এনজিএ-২৬-এ চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল শিক্ষা, জনস্বাস্থ্য, গবেষণা, পেশাগত সুযোগ ও নেতৃত্ব বিকাশসহ স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বিষয়ভিত্তিক অধিবেশন ও প্যানেল আলোচনায় অংশ নেন সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্য পেশাজীবী ও তরুণ প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বাংলাদেশে ইউনেস্কোর অফিস প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন অনুষদের ডিন ড. শামীম আহমেদ, বাংলাদেশ সোসাইটি ফর কলপোস্কপি অ্যান্ড সার্ভিক্যাল প্যাথলজির আজীবন সদস্য অধ্যাপক ড. ফাওজিয়া হোসেন এবং ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল আউয়াল।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. শামসুল আহসান, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক ও বিক্রয় প্রধান সেলিম খান, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শেখ নাফিসুর রহমান, সিনেসিস হেলথের (ন্যাশনাল টেলিহেলথ সার্ভিসেস) প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ এবং আইএফএমএসএ এশিয়া প্যাসিফিক ২৪/২৬-এর আঞ্চলিক পরিচালক ও বিএমএসএসের তত্ত্বাবধায়ক পরিষদের সদস্য শরীফ মোহাম্মদ সাদাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সকালে বিএমএসএসের ‘বাজ রিভিলিং সেরিমনি’র মধ্য দিয়ে এনজিএ-২৬-এর কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় স্থায়ী কমিটি ও সহায়ক বিভাগের কার্যক্রম মেলা। এতে অংশগ্রহণকারীরা বিএমএসএসের বিভিন্ন কার্যক্রম, সুযোগ ও সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ধারণা পান।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন ও প্যানেল আলোচনা। এসব আয়োজনে চিকিৎসা শিক্ষার বর্তমান পরিস্থিতি, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, জনস্বাস্থ্য, গবেষণার সুযোগ, ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের মতো বিষয় গুরুত্ব পায়।
আয়োজকদের মতে, দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল শিক্ষার্থী ও তরুণ স্বাস্থ্য পেশাজীবীদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, গবেষণা, জনস্বাস্থ্য ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করাই এনজিএ-২৬-এর অন্যতম লক্ষ্য। পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে তরুণ স্বাস্থ্যকর্মীদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
নিউজ বাংলা চ্যানেল