২০২৬ সালের আইপিএলে ফিটনেস সমস্যার কারণে পুরো আসরেই মাঠের বাইরে থাকতে হয়েছিল ধোনিকে। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের শারীরিক অবস্থা ও আগামী মৌসুমে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি আরও একটি আইপিএল মৌসুমে মাঠে নামতে চান কি না। উত্তরে রসিকতার সুরে তিনি বলেন, ‘ডাক্তার সাহেব, আগে আমাকে শারীরিক পরীক্ষাটা করাতে হবে। আপনাকে মেডিকেল রিপোর্টটা দিতে হবে এবং তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে যে, আরও একটি মৌসুম মাঠে লড়াই করার মতো প্রয়োজনীয় শক্তি আমার শরীরে আছে কি না।’
এরপর হাসতে হাসতে ধোনি আরও বলেন, ‘আর যদি আমি সেই ফিটনেস ফিরে না পাই, তবে বুঝতেই পারছেন, আপনাদেরই নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে যেন সবকিছু ঠিকঠাকভাবে করা হয়। এই পুরোনো ভিন্টেজ গাড়িটা যেন রাস্তায় ভালোভাবে চলতে পারে, সেই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। সুতরাং সব চাপ এখন চিকিৎসকদের উপরেই।’
আগের আইপিএল আসরগুলোতে চেন্নাইয়ের ব্যাটিংয়ে ধোনির ভূমিকা কৌশলগতভাবে সীমিত রাখা হয়েছিল। সাধারণত উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি ইনিংসের শেষ দিকে, অর্থাৎ স্লগ ওভারে ব্যাট করতে নামতেন। ক্রিজে এসেই চার-ছক্কা হাঁকিয়ে দলের স্কোর বাড়ানোর পাশাপাশি দর্শকদেরও আনন্দ দিতেন তিনি।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ধোনি এখন পর্যন্ত ২৭৮টি ম্যাচ খেলেছেন। ২৪২টি ইনিংসে ব্যাট করে ৩৮.৩০ গড় এবং ২৪টি অর্ধশতকের সাহায্যে তাঁর সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর অবস্থান সপ্তম। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল ট্রফি ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতিয়েছেন তিনি।
অন্যদিকে, ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে দলটির পারফরম্যান্সে ছন্দপতন দেখা গেছে। বিশেষ করে গত দুই মৌসুমে পয়েন্ট তালিকার নিচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করেছে দলটি। এর আগে ২০২৩ সালে ধোনির নেতৃত্বেই সর্বশেষ আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস।
নিউজ বাংলা চ্যানেল