ঢাকা | খ্রি.

সৌদিতে কারখানায় আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং | Photo Card
সৌদিতে কারখানায় আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহতদের মধ্যে পাঁচজন নওগাঁ জেলার এবং দুজন নাটোর জেলার বাসিন্দা।

গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, গত ১০ অক্টোবর থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ কারণে মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে ঢাকায় আনা হয়।

নিহত সাতজনের মধ্যে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন রয়েছেন। এ ছাড়া আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার ও সাহানগর গ্রামের সাগর আলী নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের শরিফ হোসেনও এ ঘটনায় প্রাণ হারান।

নওগাঁর তাজের মোড় এলাকার বাসিন্দা ও নিহত শাহিনের স্ত্রী পারভীন স্বামীর মরদেহ দেশে ফেরার অপেক্ষায় আবেগাপ্লুত হয়ে বলেন, ‘মানুষটাক তো হারায়েই ফেলছি। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন লাশটা অন্তত দেশত থাকলে ছাওয়াল-পোয়ালরা বাপের লাশটা দেখতে পাবে।’

স্বজনেরা বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করে নিজ নিজ গ্রামে নিয়ে দাফন করার প্রস্তুতি নিয়েছেন। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জমান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে। মরদেহ দাফনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তাও দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ