ঢাকা | খ্রি.

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত ২৬

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং | Photo Card
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত ২৬ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২ নভেম্বর) কমিশুভাখা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাটিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান মাইখাইলো সেমিকিন জানান, গ্রামটিতে অন্তত নয়টি তিন হাজার কেজি ওজনের বোমা আঘাত হানে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতায় নিহতের সংখ্যা বেড়ে ২৬-এ দাঁড়ায়।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথমে হামলা চালানো হয়। পরে লোকজন আশ্রয় নিয়েছিলেন, এমন একটি স্থানেও দ্বিতীয় দফায় আঘাত হানে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হামলার পর সৃষ্ট বিশাল গর্ত ও ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের তল্লাশির দৃশ্য দেখা গেছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) প্রথমে ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য ছিলেন। পরে সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি নিহতের সংখ্যা বেড়ে ২৬ হওয়ার কথা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, কমিশুভাখায় অবস্থানরত স্থানীয় বাসিন্দারা প্রতি সোমবার মানবিক সহায়তা নিতে ওই কেন্দ্রে আসেন—এ তথ্য রুশ সেনাদের জানা ছিল। তারপরও সেখানে হামলা চালানো হয়েছে। এ ঘটনা প্রমাণ করে, রাশিয়া পরিস্থিতি শান্ত করা কিংবা উত্তেজনা কমানোর বিষয়ে আন্তরিক নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির আওতায় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি যৌথ অভিযানের কথাও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, একসময় শান্তির পথ তৈরির সম্ভাবনা দেখা গেলেও এ ধরনের হত্যাকাণ্ড সেই সম্ভাবনার বিপরীত বার্তা দিচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি