নিউজ বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার নতুন পরিকল্পনা ঘোষণার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার (২ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে হামলায় একই পরিবারের তিনজন এবং খান ইউনিসের আল-কারারা এলাকায় আরেক হামলায় একই পরিবারের আরও তিনজন নিহত হন। দেইর আল-বালাহ, জাবালিয়া শরণার্থী শিবির ও রেমাল এলাকাতেও পৃথক হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে।
এদিকে আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদামেও হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চিকিৎসা সরবরাহব্যবস্থা ধ্বংস করে ইসরায়েল ওষুধ ও রোগকে যুদ্ধের অস্ত্রে পরিণত করছে।
এর আগে ট্রাম্প-সমর্থিত ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের একটি পরিকল্পনা ঘোষণা করে, যা হামাস গ্রহণ করেছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ১,২২২ ফিলিস্তিনি নিহত এবং ৪,০৫৩ জন আহত হয়েছেন।
নিউজ বাংলা চ্যানেল