নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—দুই ক্ষেত্রেই বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। গত দুই বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার ও সর্বোচ্চ জিপিএ অর্জনকারীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে।
গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রীদের ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ছাত্ররা। এ বছর ২ হাজার ২৮ জন ছাত্র এবং ১ হাজার ২২২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৪৬০টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে এবার অবনতির চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২৫ সালের আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ১ হাজার ১৮ জন।
অন্যদিকে, ২০২৪ সালে আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। সেই তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৬ হাজার ৩৬৩ জন।
পরপর দুই বছরে আলিম পরীক্ষার ফলাফলে এমন নিম্নমুখী প্রবণতা মাদরাসা শিক্ষার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে। তবে ফলাফলের অবনতির সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্লেষণ প্রয়োজন।
নিউজ বাংলা চ্যানেল