ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, ঢাকার ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় অবস্থিত সনদপত্র শাখা থেকে মূল নম্বরপত্র বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নম্বরপত্র সংগ্রহের সুযোগ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিজে নম্বরপত্র নিতে পারবেন। তবে তাঁর পরিবর্তে কোনো দায়িত্বশীল প্রতিনিধি পাঠানো হলে তাঁকে প্রাধিকারপত্র দিতে হবে।
জেলাভিত্তিক নম্বরপত্র বিতরণের সময়সূচি:
৩ নভেম্বর: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলা
৪ নভেম্বর: শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলা
৫ নভেম্বর: গাজীপুর ও রাজবাড়ী জেলা
৮ নভেম্বর: নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা
৯ নভেম্বর: নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ জেলা
১০ নভেম্বর: কিশোরগঞ্জ জেলা ও ঢাকা মহানগরী
নম্বরপত্র সংগ্রহে প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত
বোর্ডের অফিস আদেশে বলা হয়েছে, মূল নম্বরপত্র নেওয়ার সময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভাগভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে একটি বিবরণপত্র জমা দিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগের শিক্ষার্থীদের বিবরণপত্রের পাশাপাশি তিন সেট নমুনা স্বাক্ষর সত্যায়িত করে আনতে হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিজে কিংবা তাঁর মনোনীত প্রতিনিধি নম্বরপত্র সংগ্রহ করতে গেলে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। এ ছাড়া মূল নম্বরপত্র গ্রহণের আবেদনে ম্যানেজিং কমিটির সভাপতি, গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত কাগজপত্র ও প্রয়োজনীয় প্রতিস্বাক্ষর ছাড়া মূল নম্বরপত্র দেওয়া সম্ভব হবে না।
নিউজ বাংলা চ্যানেল