নিউজ বাংলা ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেকহা) ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের মধ্যে সভাপতিসহ তিনটিতে জয় পেয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা। এ ছাড়া নারী বিষয়ক সমন্বয়ক পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ডা. রিশাকেও সমর্থন দিয়েছিল ইসলামী ছাত্রশিবির। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে রামেকহায় ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ২২৫ জন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ভোট পড়ার হার দাঁড়ায় প্রায় ৮৯ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘আবরার-মুশফিক-ফিরোজ’ প্যানেলের ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ডা. মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।
কোষাধ্যক্ষ পদেও জয় পেয়েছেন ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থী ডা. রাকিবুল ইসলাম। তিনি পেয়েছেন ১২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডা. আহনাফ পেয়েছেন ১০০ ভোট।
অন্যদিকে নারী বিষয়ক সমন্বয়ক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী ডা. রিশা ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার পক্ষে সমর্থন জানিয়ে এ পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রশিবির। ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী ডা. বৃষ্টি এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ঐশি দুজনই পেয়েছেন ৪৯ ভোট।
ফলে পাঁচটি পদের মধ্যে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল সরাসরি তিনটি পদে জয় পেলেও শিবির-সমর্থিত প্রার্থীদের সমর্থনে মোট চারটি পদে তাদের ঘরানার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এর আগে দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ৬০তম ব্যাচের ডা. আব্দুল্লাহ ও ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির। দীর্ঘ সময় পর আনুষ্ঠানিকভাবে ভোটের মাধ্যমে ইন্টার্ন প্রতিনিধি নির্বাচন হওয়ায় রামেকহায় ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে রামেক ছাত্রশিবিরের সভাপতি ডা. রমিজ মুত্তাকিন বলেন, দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে ইন্টার্ন প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। ইন্টার্ন চিকিৎসকরা তাদের প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন। নবনির্বাচিত প্রতিনিধিরা ইন্টার্ন চিকিৎসকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত স্বার্থ ও কর্মপরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নিউজ বাংলা চ্যানেল