ঢাকা | খ্রি.

১৮০ দিনের কার্যক্রম শেষে জাতির সামনে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
১৮০ দিনের কার্যক্রম শেষে জাতির সামনে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছয় মাস বা ১৮০ দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী কাজ করছে, তা মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য। সব কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

রেলপথ খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮,৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, আর দক্ষিণ কোরিয়ার ১,০৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকায় দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। প্ল্যান্টটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে গত ১০ মার্চ কর্মসূচি শুরু হয় এবং জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। ২০২৬-২৭ অর্থবছরে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রম প্রধানমন্ত্রী জনগণের সামনে তুলে ধরতে পারেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা