ঢাকা | খ্রি.

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং | Photo Card
গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। এসব পণ্যের উৎস, বিক্রির ক্ষেত্রে শুল্ক-কর ফাঁকি এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআরের নির্দেশে এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় গুলশানের ৪৫ নম্বর সড়কে অবস্থিত রেস্টুরেন্টটিতে অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অভিযান। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ উৎস কিংবা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয়ের মজুত শনাক্ত করাই ছিল এ অভিযানের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এসব পণ্য বিক্রির সময় মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হয়েছে কি না, বিক্রি থেকে পাওয়া আয় আয়কর নথিতে সঠিকভাবে দেখানো হয়েছে কি না এবং লেনদেনের সঙ্গে অর্থ পাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। সংস্থাগুলো হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। পুরো অভিযানে সার্বিক সহযোগিতা দেয় বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

এনবিআর জানিয়েছে, কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে অভিযানটি পরিচালনা করা হয়েছে।

জব্দ করা পণ্যের বিস্তারিত বিবরণ, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এনবিআর।

তবে বিজ্ঞপ্তিতে জব্দ করা অ্যালকোহলের সুনির্দিষ্ট পরিমাণ কিংবা সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কক্সবাজারে ভারী বৃষ্টিতে দুই স্থানে পাহাড়ধস, আহত ৩

কক্সবাজারে ভারী বৃষ্টিতে দুই স্থানে পাহাড়ধস, আহত ৩