ঢাকা | খ্রি.

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে ভিত্তি করে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সর্দার আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র করা হয়েছে ইকবাল হোসেইন সাম্য শাহকে।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন মুখপাত্র ইকবাল হোসেইন সাম্য শাহ। স্বাগত বক্তব্য দেন সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ক্যাপ্টেন রিদওয়ান সিকদার।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। দেশের মানুষ এখনো তরুণদের দিকেই আশার চোখ নিয়ে তাকিয়ে আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশে রাজনৈতিক সংকট এখনো রয়েছে এবং রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কাও বিদ্যমান। তিনি বলেন, ‘রাজনীতিতে এখনো বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ক্ষমতাকে ভোগের বিষয় হিসেবে না দেখে জনগণের সেবার মাধ্যম হিসেবে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। ক্ষমতা হচ্ছে জনগণের সেবা এবং তাদের প্রত্যাশা পূরণের মাধ্যম।’

রাজনীতিতে বিদ্বেষ ও গালাগালির চর্চা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তাঁর ভাষায়, ‘নেতিবাচক রাজনীতির চর্চা তরুণদের বিপথগামী করছে।’ নতুন প্ল্যাটফর্মটিকে তরুণদের ইতিবাচক রাজনৈতিক ধারায় যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান সংগঠনের লক্ষ্য ও আদর্শের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি এ প্রচেষ্টা প্রতিহত করার প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোহসিন রশিদও সংহতি প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে সর্দার আমিরুল ইসলাম বলেন, দেশে কার্যকর বিরোধী দলের শূন্যতা থেকেই তাদের এই রাজনৈতিক উদ্যোগের সূচনা। তিনি বলেন, ‘দেশে কার্যকর বিরোধী দলের শূন্যতার কারণে আমাদের এই রাজনৈতিক উদ্যোগ। সরকারের অন্যায়, অনিয়ম ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ জনজীবন আজ অতিষ্ঠ। এই বিষয়গুলোতে জনগণের পক্ষে জনমত গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সংগঠনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সরকার জনগণের প্রত্যাশা পূরণ না করে অভ্যুত্থানের অর্জনকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের সুযোগ করে দিয়েছে।’

৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি

সংবাদ সম্মেলনের শেষ অংশে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সম্পাদক হিসেবে রয়েছেন মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসাইন (সাম্য শাহ)।

সংগঠক হিসেবে রয়েছেন ২১ জন: মোশাররফ হোসেন, এম এ আলিফ, শাহ আলম, আলিয়া ছোঁয়া, মেহেদী হাসান বাবু, ইমতিয়াজ হোসাইন লিটন, সেলিম হোসেন, আমান উল্ল্যাহ্ ফারাবী, জহিরুল ইসলাম শাকিল, নাঈম হামিদ পৃথু, নাজমুস সাকিব, শাওন রহমান, শফিকুর রহমান মোল্লা, তামিম আহম্মেদ তুরাগ, এইচ এম নাইমুল, জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম, ইয়াসিন হাসান, কাইফা জামান, সুমাইয়া নাসরিন আশা এবং ইয়ামিন হাসান রন।

সদস্য হিসেবে রয়েছেন ১৪ জন: সর্দার আমিরুল ইসলাম, মারিয়া রিমা, ব্যারিস্টার রিজভী, ক্যাপ্টেন রেদওয়ান সিকদার, সিদ্দিকুর রহমান, সাব্বির আহাম্মদ, অ্যাডভোকেট রবিউল ইসলাম, প্রাচ্য মোহাম্মদ, শরীফ আকন্দ, শাহিদুল ইসলাম চৌধুরী, আহম্মেদ রন, রবিউল ইসলাম রবি, মাহমুদ হাসান লাবলু এবং অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আখতার।

অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক নাঈম আহমেদ, সার্বভৌমত্ব আন্দোলনের প্রধান সংগঠক শামীম রেজা, জনজোট পার্টির সভাপতি মোজাম্মেল মিয়াজিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স