বিএনপির দায়িত্বশীল নেতাদের তথ্য অনুযায়ী, সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগও বৈঠকের আলোচনায় আসতে পারে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, বিরোধী দলের লং মার্চ ও অন্যান্য কর্মসূচি, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক আহ্বান করেছেন।
সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই বৈঠকটি ডাকা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল