ক্যান্সার নিয়ন্ত্রণে স্ক্রিনিং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ক্যান্সার বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের সমাপনী দিনে বক্তারা এই দাবি জানান।
দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন। তাঁর গবেষণায় বিশ্বের ক্যান্সার পরিস্থিতি এবং বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার নানা ঘাটতির চিত্র উঠে আসে। ডা. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যান্সার রোগীর তুলনায় রেডিওথেরাপি মেশিনের সংখ্যা অপ্রতুল। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৮৪ হাজার ক্যান্সার রোগীর জন্য প্রয়োজন অন্তত ২০৯টি রেডিওথেরাপি মেশিন। রয়েছে ২৯টি। এত কম সংখ্যক মেশিন দিয়ে বিপুল রোগীর চিকিৎসা সম্ভব নয়। এতে সঠিক চিকিৎসার ঘাটতি ও বিলম্বের কারণে মৃত্যুহার বেড়ে যাচ্ছে। তিনি চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় শহরগুলোতে দ্রুত নতুন রেডিওথেরাপি মেশিন স্থাপনের তাগিদ দেন।
ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এম. সাইফুল হক বলেন, ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। তাই সরকারের উচিত ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া। ক্যান্সারে মৃত্যুহার কমাতে দরকার সঠিক নীতিমালা ও কৌশল। তিনি জনসচেতনতা বাড়ানোকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের অভিমত, সময়মতো স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ নিশ্চিত করা গেলে, ক্যান্সারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
খবর- সমকাল
নিউজ বাংলা চ্যানেল